এতদ্দ্বারা বিদ্যালয়ের ২০২৬ সালের ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের MIS সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য সংযোজন ও পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের সংশোধনের কার্যক্রম আগামী ১৫/১১/২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। তাই নতুন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও বিদ্যমান শিক্ষার্থীদের বৃত্তির তথ্য সংশোধনের জন্য প্রযোজ্য শিক্ষার্থীদের নিম্নলিখিত তথ্য ও কাগজপত্র সংযুক্ত করে আগামী ১২/১১/২০২৬ খ্রি. তারিখের মধ্যে স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
জমাদানের জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র:
• বৃত্তির MIS সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য তথ্য ফরম সংগ্রহপূর্বক পূরণ করতে হবে।
• শিক্ষার্থীর নাম (বাংলা ও ইংরেজিতে), শ্রেণি, শাখা, রোল নম্বর, মোবাইল নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।
• শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদের ফটোকপি, বৃত্তির পরীক্ষার প্রমাণপত্র: JSC/SSC পরীক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার গেজেট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, প্রাথমিক বৃত্তির ক্ষেত্রে প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে।
• শিক্ষার্থীর বৃত্তির ধরন, পরীক্ষার নাম, পাসের বছর, বোর্ড এবং রেজিস্ট্রেশন নম্বরের সঠিক তথ্য।
• শিক্ষার্থীর নিজ নামে পরিচালিত অথবা শিক্ষার্থী ও অভিভাবকের যৌথ ব্যাংক হিসাবের ব্যাংক স্টেটমেন্ট (রাউটিং নম্বরসহ) অথবা MICR চেকবইয়ের পাতার ফটোকপি সংযুক্তি করতে হবে।
• ব্যাংক হিসাব নম্বর, হিসাবধারীর নাম, ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
• ব্যাংক হিসাবটি অবশ্যই সচল (Active) হতে হবে এবং হিসাবধারীর নাম ও হিসাব নম্বর ব্যাংকের কাগজপত্রের সঙ্গে মিল থাকতে হবে। যৌথ হিসাব হলে শিক্ষার্থীর নাম হিসাবধারীদের একজন হিসেবে থাকতে হবে।